স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে আলী হোসেন (৪৮) নামে এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার সেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিবলি পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হামজার ছেলে এবং পেশায় একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র গেছে, সকালে চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা অতিরিক্ত গতিতে চলছিল। চাঁদপুর পুরাতনঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সিএনজি চালক অটোরিকশাটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাগচি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, পলাতক সিএনজি চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

