স্টাফ রিপোর্টার ; মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস ভোরের দিকে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার মুরাদ মারা যান।
আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন : চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার চকবাজার এলাকার সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কম্বলনগরের আব্দুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নন্দনপুরের নুর আলম (৪৩), পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার সোহেল রানা (৩৮), সিরাজগঞ্জের কামারখন্দ ইউনিয়নের আব্দুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুর সদরের সোহেল রানা (৩৫), শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার রবিউল হোসেন (৩৬)।
তারা সবাই খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও বিতরণ প্রতিষ্ঠান এসিআই ফুডসের ঢাকায় কর্মরত বলে জানা গেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, ‘আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে শঙ্কামুক্ত আছেন।’
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে ছিল। বাসটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

