প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়া সীমান্তে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা।
শুক্রবার (১৩ মার্চ ) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে, বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেট থেকে মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান প্রসঙ্গে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
Copyright © 2026 mirsaraibarta.com. All rights reserved.