
ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মো. মাইনুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ১৮৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক অভিযান চালায় এসআরবি সদস্যরা।
এ সময় একটি বাসে তল্লাশি করে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা।
এ ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কোলকাতা ভোগদীয়া গ্রামের মো. আলী হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নগদ ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।