স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন ১শ কেজি লোহার রড উদ্ধার ও আসামি গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪টায় থানা কার্যালয়ে উক্ত প্রেস ব্রিফিং করা হয়।
এসময় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আবদুল হালিম বলেন,গত ১৪ আগস্ট বিকালে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইজের ১৩ টন রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর সময় ট্রাকবোঝাই লোহার রডগুলো চুরি হয়ে যায়।
এ বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে আধুনিক প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে একাধিক অভিযান পরিচালনা করা হয়।
গত ১৯ আগস্ট বারইয়ারহাট থেকে মোঃ রিয়াদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো একায় অভিযান পরিচালনা করে ট্রাকের সহকারী মোঃ হাদিছ মোল্লাকে গ্রেফতার করা হয়। আসামিদের দেওয়া তথ্যমতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন জাঙ্গালিয়া থেকে আবুল বাশার ওরফে বাঁশিকে গ্রেফতার করে ওই এলাকার "আয়ান এন্টারপ্রাইজ” নামক দোকান থেকে চুরি যাওয়া রডগুলো উদ্ধার করা হয়।
পরে ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা থেকে রডসহ চুরি যাওয়া ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এসপি ট্রাফিক মো: রাসেল বিপিএম বার ও মিরসরাই সার্কেল এএসপি নাদিম হায়দার মাহমুদ চৌধুরী।