মিরসরাইয়ে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও গোডাউন মালিক সূত্রে জানা যায়, স্থানীয় বিএসআরএম ফ্যাক্টরি থেকে টেন্ডারের মাধ্যমে আনা বস্তাসহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ ওই গোডাউনে পরিষ্কার করে পুনরায় বিক্রির জন্য রাখা হতো। আগুন লেগে মুহূর্তেই গোডাউনের সব মালামাল পুড়ে যায়। তবে কাজ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, বেলা ১১টার দিকে খবর পাই গোডাউনে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে। তালা ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, ‘দূর থেকে আগুন দেখতে পেয়ে ছুটে যাই। দ্রুত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করি ও ৯৯৯-এ ফোন করি। কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগে সব পুড়ে গেছে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি, তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরারী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্লাস্টিক ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিয়ে ব্যবসা চালাতেন। আগুনে সব পুড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি