মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন : নুর ইসলাম (৫১), আল আমিন (২৩), মো. রিফাত (১৯), মো. আব্দুল হান্নান (২৪), জুবায়েদ হোসেন জুয়েল (১৯), শাহাদাত হোসেন (২২), আব্দুল মোমিন (২১), মো. নুর উদ্দিন (৫৫), মো. আল আমিন (৩২), মো. জাকির (২৭), কামাল উদ্দিন (৩০), ইকবাল হোসেন (২১) ও মো. রিয়াজ।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে সাতটি মামলা করা হয়েছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এক দিন থেকে ১০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বারইয়ারহাট পৌরসভার অলংকার হোটেলের সামনে থেকে ৮০০ ফুট বালুসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সার চোরাচালান মামলায় তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গত ২৪ ঘণ্টায় জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, জিআর ও সিআর পরোয়ানাসহ বিভিন্ন মামলার মোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।