স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বছরের ধারাবাহিকতায় এবারও এই কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
বুধবার (১১ মার্চ) মিরসরাই উপজেলায় ৬৫ জন ভাতাভুক্ত সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার-ভিডিপির চট্টগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনসহ বিভিন্ন জাতীয় কার্যক্রমে আনসার ও ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিশেষ করে মিরসরাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬টি ভোটকেন্দ্রে ১ হাজার ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

