নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ভাষণ দেবেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বুধবার দিনের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে তার নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর বেলা ১২টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই সঙ্গে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।


