শফিকুর রহমান (শফিক),মিরসরাই বার্তা.কম : মিরসরাই উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, সালিশ বাণিজ্যসহ সব ধরনের অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে ব্যাপক মাইকিং করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উপজেলা কাটাছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নজুড়ে এ প্রচারণা পরিচালনা করা হয়।
একই দিনে উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার মায়ানী, মঘাদিয়া, সাহেরখালী, খৈয়াছড়া ও মিরসরাই সদরে মাদকবিরোধী মাইকিং করা হয়।
এ সময় মাদকের সঙ্গে জড়িত কারবারি, চালানকারী, বিক্রেতা ও সেবনকারী এবং সালিশ বাণিজ্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়।
স্থানীয়দেরও আহ্বান জানানো হয়েছে, যাদের চিহ্নিত করা যায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করার জন্য।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে আমরা মাঠে কাজ করছি। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজের সবাইকে এগিয়ে এসে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ যত বড়ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

