মিরসরাইয়ে পৃথক অভিযানে ১৩২ লিটার দেশীয় চোলাই মদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বাদামতলা ও জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক আসামিরা হলেন : উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামনের খিল এলাকার তাজুল ইসলামের ছেলে মো. মাসুদ (২৫) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৌকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়পুতুপুর নাড়ুয়া এলাকার মৃত মো. ইউনুছ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪৫)।
সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় তুলাটিলা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন।
তারা দুইজন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিঙ্গুলী ইউনিয়নের বাদামতলা দিদারের গ্যারেজের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়।
এসময় তারা সিএনজির পেছন থেকে একশত বার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একইদিন রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবার টিলা শাহ আলমের দোকানের সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. জসিম উদ্দিনকে আটক করা হয়।
এসময় সিটের নিচ থেকে ত্রিশ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে আটক দুই ব্যক্তি ড্রাইভিংয়ের আড়ালে মাদকের কারবার করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

