স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের রাউজানে অবৈধ মাটিকাটা বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার নির্দেশে সোমবার (৩০ মার্চ) সকালে অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত ৭-৮টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, অবৈধভাবে পাহাড়, টিলা ও কৃষিজমি কেটে পরিবেশ ও এলাকার ভারসাম্য নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। নির্দেশ অমান্য করে কেউ যদি পুনরায় অবৈধ মাটিকাটার সঙ্গে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এ সময় এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

