স্টাফ রিপোর্টার : মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু ভইয়া পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে এ কাজের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ওই এলাকার অন্তত দুই শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে বছরের পর বছর চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে তারা জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নুরুল আমিন এমপির সহযোগিতায় ড্রেনেজ খনন কাজ শুরু করা হয়েছে। কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
ড্রেনেজ খনন কাজের উদ্বোধনকালে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, বিএনপি নেতা হায়দার মাহমুদ শিপন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান ও সাবেক ছাত্রনেতা শোয়েব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

