আন্তর্জাতিক ডেক্স ; সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্টোরকিপার জিয়াউর রহমানের দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফটচালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কার স্টোরকিপার আলম শাহ ও তার এক মাস বয়সী মেয়ে। এ ছাড়া নিহত হয়েছেন জিয়াউর রহমান নিজেও।
নিহত সাতজনই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

