স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা বৃহস্পতিবার (১৪ মে) বাদ জোহর চট্টগ্রাম মহানগর ও মিরসরাইয়ে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এবং বিকেল ৫টায় মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশাররফ হোসেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় কয়েক দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। ছাত্রজীবনে ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য ছিলেন তিনি।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হন তিনি।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

