অনলাইন ডেস্ক : মিরপুরের মনিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তার আসামিরা হলেন : মাদক ব্যবসায়ী মো. মহসিন ইসলাম মিয়াজি (৫১) এবং তার সহযোগী শাহিদা (৫৫)।
রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর মিডিয়া বিভাগ।
র্যাব-৪ মামলার এজাহারের বরাত দিয়ে জানিয়েছে, মনিপুর এলাকার বানি’স ক্রিয়েশন, নভেলটি কেক হাউসের সামনে কিছু মাদক ব্যবসায়ী হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল। তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে আসামি মো. মহসিন ইসলাম মিয়াজি (৫১)-কে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। একই সময়ে তার সহযোগী শাহিদা (৫৫)-কেও গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, গ্রেফতারকৃত মিয়াজি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে সবজি ব্যবসার আড়ালে অবৈধ হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

