স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি শফিকুল ইসলামকে দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুনরায় আটক করেছেন কারা গোয়েন্দা শাখার সদস্য।
কারা সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যান বন্দি শফিকুল ইসলাম। এরপর থেকেই তাকে আটকের জন্য কারা গোয়েন্দা শাখার সদস্যরা বিভিন্নভাবে অনুসন্ধান ও নজরদারি চালিয়ে আসছিলেন।
অভিযানের সময় কারা গোয়েন্দা শাখার সদস্যরা ছদ্মবেশে অত্যন্ত সতর্কতা ও কৌশলের সঙ্গে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে চন্দনাইশ এলাকায় পলাতক বন্দি শফিকুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে সফলভাবে পুনরায় গ্রেপ্তার করা হয়।
কারা গোয়েন্দা শাখার সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব, গোপনীয়তা রক্ষা এবং সমন্বিত গোয়েন্দা তৎপরতার ফলে দীর্ঘদিন পলাতক থাকা বন্দিকে আটক করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কারা নিরাপত্তা নিশ্চিত করা এবং পলাতক বন্দিদের পুনরুদ্ধারে কারা গোয়েন্দা শাখার গুরুত্বপূর্ণ ভূমিকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে এ অভিযানকে দেখা হচ্ছে।
সফলভাবে পলাতক বন্দিকে পুনরায় আটক করায় অভিযানে সংশ্লিষ্ট কারা গোয়েন্দা শাখার সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।

