নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী বাসে করে গাঁজা পাচারের অভিযোগে চট্টগ্রামের জোরারগঞ্জে দুই রোহিঙ্গাকে আটক করেছে এসআরবি-৭।
এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের মস্তাননগর এলাকায় নাহার ফিড মিলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন : মো. আমিন (৩৭) ও দ্বীন মোহাম্মদ (২৭)। এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাসে করে গাঁজা নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জের মস্তাননগর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
তিনি বলেন, বাসটি চেকপোস্টের কাছে পৌঁছালে দুই যাত্রী তাদের ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন।
এ সময় এসআরবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাঁধের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মোসলেহ উদ্দিন আহমেদ আরও জানান, আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

