স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ মীমাংসার বৈঠকে মোহাম্মদ হামিম (১৯) নামের এক তরুণ খুন হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টারের দোতলায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত হামিম ছদাহা ইউনিয়নের আফজল নগর গ্রামের ফরিদুল আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানিহাট ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল।
এ বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার রাতে সিটি সেন্টারের দোতলায় দুই পক্ষের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকের একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে হামিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর বৈঠকে থাকা অন্যরা সেখান থেকে চলে গেলেও বোরহান উদ্দিন (২০) নামের এক তরুণকে আশপাশের লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় কিশোর ও তরুণদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
ওসি আরও বলেন, নিহত হামিমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেরানিহাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

