স্টাফ রিপোর্টার : ‘মীরসরাই ট্র্যাজেডি’র ১৫ বছর পূর্তি উপলক্ষে নিহত ৪৫ শিক্ষার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল।
শনিবার (১১ জুলাই) সকালে দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ এবং আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, ‘২০১১ সালের ১১ জুলাইয়ের সেই বিভীষিকাময় দুর্ঘটনা মিরসরাইবাসীর হৃদয়ে আজও গভীর ক্ষত হয়ে আছে। অকালে ঝরে যাওয়া ৪৫ শিক্ষার্থীর স্মৃতি কখনো মুছে যাবে না। তাঁদের স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।’
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বিজয়োল্লাস করতে করতে একটি মিনি ট্রাকে করে আবুতোরাবে ফিরছিলেন শিক্ষার্থীরা।
দুপুরে উপজেলার সৈদালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি ডোবায় উল্টে যায়।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও পিকআপের নিচে আটকে পড়া শিশু-কিশোরদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ওই দুর্ঘটনায় ৪৫ শিক্ষার্থী প্রাণ হারায়।
দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হিসেবে ঘটনাটি ‘মিরসরাই ট্র্যাজেডি’ নামে পরিচিত।

