অনলাইন ডেস্ক : হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি অবিলম্বে তার নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন।
জাতীয় সংসদের হুইপ হিসেবে তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিশেষ করে দলীয় শৃঙ্খলা রক্ষা, অধিবেশনে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং আইন প্রণয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন তিনি।
আলহাজ্ব মো. জি কে গউছ দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হওয়ার পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে মনোনীত হলেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তির সংবাদে স্থানীয় ও কেন্দ্রীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।


