স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুল মহসিন ওরফে তারেক (৫২) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা।
সোমবার (২ মার্চ) সকাল ৬টার দিকে নিহতের পরিবার মৃত্যুর তথ্য জানতে পারে।
বাহরাইনে থাকা স্বজনদের বরাতে পরিবারের সদস্যরা জানান, রবিবার (১ মার্চ) রাতে রাজধানী মানামার আরসি ড্রাইডকে কর্মরত ছিলেন আবুল মহসিন। সাড়ে তিনটার দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয়।
নিহতের ভগ্নিপতি রিয়াজ উদ্দিন জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি ২০০৯ সালে জীবিকার তাগিদে বাহরাইনে গিয়েছিলেন এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন। পরিবার বর্তমানে চট্টগ্রামের বসবাস করে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরের বিভিন্ন দেশে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
বাহরাইনসহ কয়েকটি দেশ এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নজমুন নূর বলেন, বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান শহরে ইরানের হামলায় সালেহ আহমেদ নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।


