স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘরের সামনে হাঁটাহাটি করার সময় একদল দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা বলেন, নিহত ইমন তাদের দলের কর্মী। তিনি এ হত্যাকাণ্ডের জন্য প্রসীতপন্থী ইউপিডিএফকে দায়ী করেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গুলি করে হত্যার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার করার পর বিস্তারিত জানানো যাবে।’

