স্টাফ রিপোর্টার : সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার জানান, সকালে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা ইসমাইল ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, পিকআপভ্যানের চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

