স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহীসহ চারজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের এবং তিনজন বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

